বাংলাদেশের 'রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত' সহিংসতা নিয়ে উদ্বিগ্ন ইইউ
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও এর সদস্য রাষ্ট্রগুলো।
রোববার (১২ ফেব্রুয়ারি) ঢাকায় ইইউ দূতাবাস সংক্ষিপ্ত এক টুইট বার্তার মাধ্যমে বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে ইইউ বলেছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতার প্রতিবেদনে তারা গভীরভাবে উদ্বিগ্ন।
তারা রাজনীতি সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম পরিচালনার জন্য উৎসাহ প্রদান করেছেন।
সাম্প্রতিক সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি একে অপরের বিরুদ্ধে লাগাতার পাল্টাপাল্টি কর্মসূচি ও বিক্ষোভ দিচ্ছে; আগে শুধু রাজধানীতে সীমাবদ্ধ থাকলেও এখন যা সম্প্রসারিত হয়েছে দেশের তৃণমূল পর্যায়ে।
গত ৪ ফেব্রুয়ারি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ থেকে ইউনিয়ন পর্যায়ে সরকারবিরোধী পদযাত্রা কর্মসূচির ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সময়ে ইউনিয়ন পর্যায়ে 'শান্তি সমাবেশ' করছে আওয়ামী লীগ।
সর্বশেষ শনিবার (১১ ফেব্রুয়ারি) দেশের ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপি'র পাল্টাপাল্টি কর্মসূচিতে ৩ জেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে অন্তত ৪০ জন বিএনপি নেতাকর্মীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
