চিত্রশিল্পী সমরজিৎ রায়চৌধুরী আর নেই
খ্যাতিমান চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষক সমরজিৎ রায়চৌধুরী মারা গেছেন।
আজ রোববার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তার ছেলে সুরজিৎ রায়চৌধুরী আজ দুপুর পৌনে ২টায় এক ফেসবুক স্ট্যাটাসে এ খবর জানিয়ে লিখেছেন, 'আমাদের বাবা নাই।'
গত ৫ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ছিলেন তিনি। এক সপ্তাহ পর বাসায় নেওয়া হলেও ১৫ সেপ্টেম্বর আবারও শারীরিক অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে ভর্তি করা হয়।
১৯৩৭ সালে বর্তমান বাংলাদেশের কুমিল্লায় জেলায় জন্ম তার। ১৯৬০ সালে তৎকালীন সরকারি আর্ট ইনস্টিটিউটে (বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) গ্রাফিক ডিজাইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।
এখানেই ৪৩ বছর চাকরি জীবন শেষে অধ্যাপক হিসেবে ২০০৩ সালে অবসর গ্রহণ করেন।
২০১৪ সালে একুশে পদক পান তিনি।
