সাতক্ষীরায় বিদেশ ফেরত সাড়ে ৮ হাজার প্রবাসী কোয়ারেন্টিনের বাইরে
বিভিন্ন দেশ থেকে ১৮ দিনে সাতক্ষীরা জেলায় ফিরেছেন ৮ হাজার ৮৬৮ জন প্রবাসী। এদের মধ্যে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে মাত্র ১৬৯ জনকে। এ ছাড়া জেলার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে একজনকে ভর্তি রাখা হয়েছে।
জেলা পুলিশের তথ্য বলছে, ১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত দেশে ফেরা এসব ব্যক্তিদের মধ্যে প্রায় ৮০ শতাশং এসেছেন ভারত থেকে। জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসে তাদের তালিকা পাঠানো হয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. জয়ন্ত জানান, জেলার সাত উপজেলায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ১৬৯ জনকে। এদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৩৩ জন, আশাশুনি উপজেলায় ১৬ জন, শ্যামনগর উপজেলায় ৩৩ জন, কালিগঞ্জ উপজেলায় ৩৬ জন, দেবহাটা উপজেলায় ২৫ জন, কলারোয়া উপজেলায় আটজন ও তালা উপজেলায় ১৮ জন। এছাড়া একজন সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে। আইসোলেশনে থাকা ১ জন ভারত থেকে এসেছেন।
তিনি বলেন, বিদেশ ফেরৎ সকলকে আমরা ১৪ দিন হোম কোয়ারেন্টিনে রাখবো। এখনও সকলকে কোয়ারেন্টিনের আওতায় আনা সম্ভব হয়নি। কেননা এই নির্দেশনা আসার আগে অনেকেই বিদেশ থেকে বাড়িতে ফিরেছেন।
সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, বিদেশ ফেরত ব্যক্তিদের তালিকা জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসে দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী তাদের বিষয়ে সার্বিক খোঁজ খবর নেওয়া হচ্ছে। তাদের সবাইকে মনিটর করার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
আতঙ্কিত না হয়ে সচেতনতার আহ্বান জানিয়ে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বলেন, জরুরি প্রয়োজন ছাড়া আপনারা বাইরে ঘোরাফেরা বা জনসমাগম স্থানে যাবেন না। সকলকে নিরাপদ রাখতে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ চেষ্টা করছে। সকলকে সচেতনতামূলক বিধিমালা মেনে চলার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, বিদেশ ফেরৎ সাড়ে আট হাজারের মধ্যে মাত্র ১৬৯ জনকে আমরা শনাক্ত করতে পেরেছি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে তালিকা দেওয়া হয়েছে। তাদের খুঁজে বের করার চেষ্টা করছি। অল্প সময়ের মধ্যে তাদেরও নজরদারির মধ্যে আনা হবে।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে সতর্ক করা হয়েছে। হোম কোয়ারেন্টিনে থাকা বিদেশ ফেরতরা বাইরে ঘোরাফেরা করলে বা কেউ তার সঙ্গে দেখা করতে আসলে জেল-জরিমানা করা হবে।
