লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা
সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। আজ সোমবার ইরান সমর্থিত গোষ্ঠীটি এ ঘোষণা দেয়। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নতুন দিকে মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের বাইরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপরও নতুন ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এমন সময়ে হুতিদের পক্ষ থেকে এই ঘোষণা এল, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা কমাতে এবং গত মাসে হওয়া একটি অস্থায়ী সমঝোতা কার্যকর রাখতে আবারও কূটনৈতিক আলোচনা শুরু হওয়ার ইঙ্গিত মিলছিল।
হুতিদের ঘোষণার পর তেলের দাম সাময়িকভাবে বেড়ে গেলেও সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির আশায় পরে তা আবার কমেছে।
ইরান হুতিদের চাপ দিয়ে আসছিল যে, যদি যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে হামলা অব্যাহত রাখে, তাহলে অবশ্যই লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে হবে।
এই প্রণালি পুরোপুরি বন্ধ হয়ে গেলে বিশ্বব্যাপী তেলের সরবরাহ প্রায় ৭ শতাংশ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, প্রণালিটি বন্ধ করে দেওয়া হলে এই পথ দিয়ে সৌদি আরবের বিপুল পরিমাণ তেল রপ্তানির জন্য আর পরিবহন করা সম্ভব হবে না।
এর ফলে ইতোমধ্যেই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেল সরবরাহে যে প্রায় ১০ শতাংশ ঘাটতি তৈরি হয়েছে, তার সঙ্গে আরও বড় ধরনের সংকট যোগ হতে পারে।
হুতিরা এক বিবৃতিতে জানিয়েছে, তারা "চোখের বদলে চোখ" নীতির ভিত্তিতে সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে একটি সামুদ্রিক অবরোধ কার্যকর করছে। তাদের দাবি, ইয়েমেনের ওপর সৌদি আরব যে "অন্যায় ও নিপীড়নমূলক অবরোধ" আরোপ করেছে, তারই জবাবে তারা এই পদক্ষেপ নিয়েছে।
এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
