খামেনির শেষবিদায়ে মানুষের ঢল, তেহরান মেট্রোতে রেকর্ড ৭০ লাখ যাত্রীর যাতায়াত
ইরানের রাজধানী তেহরানের মেট্রো নেটওয়ার্কে শনিবার থেকে রোববারের মধ্যে ৭০ লাখেরও বেশি যাত্রী যাতায়াত করেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে মেট্রোতে যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাজধানীতে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের শেষকৃত্যানুষ্ঠানকে কেন্দ্র করেই এই যাত্রীচাপ তৈরি হয়েছে।
তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় আয়োজিত ওই শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে বিপুলসংখ্যক মানুষ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মেট্রো ব্যবহার করেন। এর ফলে শনিবার ও রোববারের মধ্যে মেট্রো নেটওয়ার্কে ৭০ লাখের বেশি যাত্রা নিবন্ধিত হয়েছে বলে সরকারি পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় খামেনি নিহত হন বলে ইরান ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন। নিরাপত্তা পরিস্থিতি ও চলমান সংঘাতের কারণে তার দাফন ও রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠান কয়েক মাস পিছিয়ে যায়। বর্তমানে কয়েক দিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের অংশ হিসেবে তেহরানসহ বিভিন্ন শহরে শেষ শ্রদ্ধা জানানোর আয়োজন করা হয়েছে।
