ইসরায়েল যুদ্ধে আসক্ত, সমঝোতা স্মারক ভেস্তে দেওয়ার চেষ্টা চালাচ্ছে: এরদোয়ান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা নস্যাৎ করতে ইসরায়েল চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলের এমন কোনো অপতৎপরতা সফল হতে দেওয়া যাবে না।
পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে আঞ্চলিক দেশগুলোর সমর্থনের ওপরও গুরুত্ব আরোপ করেন এরদোয়ান। শনিবার ইস্তাম্বুলে এসব মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট।
ইসরায়েলের কড়া সমালোচনা করে এরদোয়ান বলেন, '(যুক্তরাষ্ট্র-ইরান) চুক্তিটি নস্যাৎ করার জন্য ইসরায়েলি প্রশাসনের চেষ্টা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যুদ্ধ-আসক্ত বর্তমান ইসরায়েলি সরকারকে আমাদের এই ভূখণ্ডকে আবারও বারুদ আর রক্তের গন্ধে ডুবিয়ে দেওয়ার অনুমতি দেওয়া দেওয়া যাবে না।'
এরদোয়ান এর আগেও বারবার অভিযোগ করেছেন যে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক নস্যাৎ করার চেষ্টা করছে। একই সঙ্গে তিনি গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে আসছেন।
গত সপ্তাহে কাতার সফরকালে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা পরোক্ষ আলোচনায় অংশ নেন। পাল্টাপাল্টি হামলার পর আলোচনার গতি বাড়াতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘনের বিষয়ে জানাতে ওয়াশিংটনের সঙ্গে তেহরান একটি 'যোগাযোগ মাধ্যম' তৈরি করবে।
কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই সমঝোতা স্মারকে ৬০ দিনের যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তিতে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের একটি সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। তবে গত সপ্তাহেও যুক্তরাষ্ট্র ও ইরান পাল্টাপাল্টি হামলা চালিয়েছে।
