ভেপের জনপ্রিয়তায় কমছে সিগারেট বিক্রি, ৯ হাজার কর্মী ছাঁটাই করবে বিএটি
বিশ্বজুড়ে সিগারেটের চাহিদা কমছে, বাড়ছে ভের ব্যবহার। এমন পরিস্থিতিতে ৯ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)। ২০২৮ সালের মধ্যে ৬০ কোটি পাউন্ড (প্রায় ৮১০ মিলিয়ন ডলার) ব্যয় কমানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।
বিএটি জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ ৫ হাজার ৫০০টি পদ বিলুপ্ত করা হবে। পাশাপাশি আরও ৩ হাজার ৫০০টি পদের কাজ আউটসোর্সিংয়ের মাধ্যমে বাইরের প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে। বর্তমানে কোম্পানিটিতে প্রায় ৪৭ হাজার কর্মী রয়েছেন। নতুন সিদ্ধান্তে তাদের প্রায় পাঁচ ভাগের এক ভাগ কর্মী ছাঁটাইয়ের আওতায় পড়বেন।
এ সিদ্ধান্তের মধ্যেই দক্ষিণ আফ্রিকায় একটি কারখানা বন্ধ করে দিচ্ছে বিএটি। কোম্পানিটির দাবি, অবৈধ তামাকপণ্যের সঙ্গে প্রতিযোগিতার কারণে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।
কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়বে যুক্তরাজ্য, কোস্টারিকা, মেক্সিকো, পোল্যান্ড, রোমানিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে। কোম্পানিটি জানিয়েছে, এসব দেশের কিছু পদের কাজ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চার এবং ভারতের আইটিসি ইনফোটেকের কাছে আউটসোর্স করা হয়েছে।
অন্যান্য তামাক কোম্পানির মতো বিএটিও সিগারেটের চাহিদা কমে যাওয়ার চাপের মুখে রয়েছে। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের পর দেশটিতে ধূমপায়ীর সংখ্যা প্রায় ২৫ শতাংশ কমেছে।
গত বছর বিএটির আয় ১ শতাংশ কমে ২৫ দশমিক ৬ বিলিয়ন পাউন্ডে (প্রায় ৩৫ বিলিয়ন ডলার) নেমে আসে। তবে একই সময়ে ভেপ ও নিকোটিন পাউচের মতো ধোঁয়াবিহীন পণ্য নতুন করে ৪৭ লাখ গ্রাহক ব্যবহার করা শুরু করেছেন।
২০৩৫ সালের মধ্যে কোম্পানির মোট আয়ের অর্ধেকের বেশি ধোঁয়াবিহীন পণ্য থেকে আনার লক্ষ্য নির্ধারণ করেছে বিএটি। তাদের এ ধরনের পণ্যের মধ্যে রয়েছে ভিউজ ভেপ ও গ্লো হিটেড টোব্যাকো। তবে ভেপের বাজারে লস্ট মেরির মতো নতুন ব্র্যান্ডগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে কোম্পানিটি।
বিএটির প্রধান নির্বাহী তাদেউ মারোকো বলেন, 'এই ব্যয় কমানোর উদ্যোগ আমাদের ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত করবে। আমরা এমন একটি বিএটি গড়ে তুলতে চাই; যা হবে আরও সহজ, দ্রুত, প্রযুক্তিনির্ভর এবং দক্ষ।'
চলতি বছরের ফেব্রুয়ারিতে কোম্পানির অন্তর্বর্তীকালীন প্রধান আর্থিক কর্মকর্তা জাভেদ ইকবাল ইঙ্গিত দিয়েছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা বিশ্লেষণ প্রযুক্তির ব্যবহার বাড়ার ফলে ভবিষ্যতে কর্মীর সংখ্যা কমতে পারে।
এ ঘোষণার পর লন্ডন স্টক এক্সচেঞ্জে বিএটির শেয়ারের দাম প্রায় ১ দশমিক ৯ শতাংশ কমে যায়।
বার্কলেজের বিশ্লেষক পল্লব মিত্তল বলেন, 'ব্যয় কমানোর এই কর্মসূচির বিষয়ে বাজার আগে থেকেই জানত। তবে এতো বিপুল পরিমাণে কর্মী ছাঁটাই বিনিয়োগকারীদের জন্য অপ্রত্যাশিত হতে পারে।'
