নেতানিয়াহু ‘একগুঁয়ে লোক’, পারমাণবিক চুক্তি না হলে ইরানে আবার হামলা হবে: ট্রাম্প
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে 'খুব একগুঁয়ে মানুষ' বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, নেতানিয়াহুর বিভিন্ন অভিযোগ সত্ত্বেও তিনি ইসরায়েলকে পারমাণবিক ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন।
রোববার এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। চূড়ান্ত চুক্তি প্রায় ভেস্তে যাচ্ছিল, এমন হামলা চালানোর জন্য সাক্ষাৎকারে নেতানিয়াহুর কড়া সমালোচনা করেন ট্রাম্প।
ইসরায়েলি প্রধানমন্ত্রী সম্পর্কে তিনি বলেন, 'সে খুব একগুঁয়ে একজন মানুষ। সত্যি বলতে, এই কাজটা (চুক্তি) করার জন্য তার আমাদের কাছে খুব কৃতজ্ঞ থাকা উচিত। কারণ, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতে পারত না।'
তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে তেহরানের ওপর আবার সামরিক হামলা শুরু হতে পারে। অথবা এই অঞ্চলের মোট রাজস্বের ২০ শতাংশের বিনিময়ে তিনি যুক্তরাষ্ট্রকে 'মধ্যপ্রাচ্যের পাহারাদার' বানাবেন।
অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের পুলিশ বাহিনী হিসেবে কাজ করবে—ট্রাম্পের এমন দাবি সত্যিই বিস্ময়কর। অবশ্য বিশ্বের বিভিন্ন অংশে এ ধরনের চুক্তির কথা ট্রাম্প আগেও বলেছিলেন। তবে রোববার তাকে যখন প্রশ্ন করা হয় যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো মার্কিন মিত্র উপসাগরীয় দেশগুলো এই ব্যবস্থায় রাজি হয়েছে কি না, তখন তিনি সরাসরি কোনো উত্তর দেননি।
তিনি শুধু ইঙ্গিত দেন যে বিষয়টি নিয়ে কেবল আলোচনা শুরু হয়েছে এবং ইরান যদি আগ্রাসন চালাতে থাকে, তবেই এটি বাস্তবায়ন হবে।
উল্লেখ্য, মার্কিন ও ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি শান্তি রূপরেখায় তারা একমত হয়েছেন। এ রূপরেখার আওতায় ইরানের ওপর থেকে মার্কিন অবরোধ উঠবে ও ফের খুলে যাবে হরমুজ প্রণালি।
রোববার ওয়াশিংটন স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, 'ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন।'
মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চুক্তি স্বাক্ষরের কথা ঘোষণা করার পরপরই ট্রাম্পের এই পোস্ট করেন।
শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকে সই করবে দুই দেশ।
