যুদ্ধে ইরানের প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন ডলার, চাইবে ক্ষতিপূরণ
ইরান জানিয়েছে, প্রাথমিক হিসাব অনুযায়ী তাদের বর্তমান যুদ্ধের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন মার্কিন ডলার। তবে সরকারি এক মুখপাত্র সতর্ক করে জানিয়েছেন যে, এই অংকটি প্রাথমিক এবং চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি রাশিয়ার 'রিয়া নোভোস্তি' সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হিসাব তুলে ধরেন।
তিনি বলেন, 'আমাদের প্রতিনিধি দল যে বিষয়গুলো নিয়ে কাজ করছে এবং যা ইসলামাবাদ আলোচনায় গুরুত্ব পেয়েছে, তার অন্যতম হলো যুদ্ধের ক্ষতিপূরণ। ক্ষয়ক্ষতি সাধারণত বিভিন্ন স্তরে পর্যালোচনা করা প্রয়োজন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলার কারণে বর্তমানে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন ডলার বলে ধারণা করা হচ্ছে।'
