যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে ‘লেবানন অন্তর্ভুক্ত নয়’: নেতানিয়াহু
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত করার সিদ্ধান্তকে ইসরায়েল সমর্থন জানালেও এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে কার্যকর হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই প্রচেষ্টাকে সমর্থন করে, যার লক্ষ্য হলো 'ইরান যেন আর আমেরিকা, ইসরায়েল, ইরানের আরব প্রতিবেশী এবং বিশ্বের জন্য পারমাণবিক, ক্ষেপণাস্ত্র ও সন্ত্রাসী হুমকি হয়ে না থাকে'।
নেতানিয়াহু জানান, আগামী শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে শুরু হতে যাওয়া আলোচনায় এসব লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে ইসরায়েলকে আশ্বস্ত করা হয়েছে। তবে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, এই দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে 'লেবানন অন্তর্ভুক্ত নয়'।
নেতানিয়াহুর এই ঘোষণা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। এর আগে শাহবাজ শরিফ ঘোষণা করেছিলেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা 'লেবাননসহ সব জায়গায় অবিলম্বে যুদ্ধবিরতিতে' সম্মত হয়েছে এবং এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
মঙ্গলবার সন্ধ্যায় ইরানে আক্রমণ চালানোর নির্ধারিত সময়ের মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দুই সপ্তাহের যুদ্ধবিরতির সিদ্ধান্তের কথা জানান। এই সমঝোতায় মধ্যস্থতা করার জন্য তিনি পাকিস্তানকে কৃতিত্ব দিয়েছেন।
ট্রাম্প লিখেছেন, "পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আলোচনার ভিত্তিতে, যেখানে তারা আমাকে আজ রাতে ইরানে ধ্বংসাত্মক শক্তি না পাঠানোর অনুরোধ জানিয়েছেন এবং ইসলামি প্রজাতন্ত্র ইরান হরমুজ প্রণালি পূর্ণাঙ্গ, তাৎক্ষণিক ও নিরাপদভাবে খুলে দিতে সম্মত হওয়ায়, আমি দুই সপ্তাহের জন্য ইরানে বোমা হামলা ও আক্রমণ স্থগিত করতে রাজি হয়েছি।"
ট্রাম্পের বার্তার কিছু পরেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন। আরাগচি লিখেছেন, "যদি ইরানের ওপর হামলা বন্ধ করা হয়, তবে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীও তাদের প্রতিরক্ষা কার্যক্রম বন্ধ রাখবে।"
তিনি আরও জানান, "আগামী দুই সপ্তাহের জন্য ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে এবং কারিগরি সীমাবদ্ধতাগুলো বিবেচনায় নিয়ে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত সম্ভব হবে।"
