ইরানে ট্রাম্পের হামলার কড়া সমালোচনা করলেন দুবাইয়ের ধনকুবের আল হাবতুর
ইরানে মার্কিন হামলার তীব্র সমালোচনা করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রভাবশালী ব্যবসায়ী ও ধনকুবের খালাফ আল হাবতুর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হঠকারী সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে ঝুঁকির মুখে ফেলেছে বলে সরাসরি আক্রমণ করেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ৫০০ শব্দের এক দীর্ঘ পোস্টে আল হাবতুর গ্রুপ অব কোম্পানির এই প্রতিষ্ঠাতা ট্রাম্পের উদ্দেশে লেখেন, "আপনাকে কে আমাদের এই অঞ্চলকে ইরানের সঙ্গে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার কর্তৃত্ব দিয়েছে? আর কোন ভিত্তিতে আপনি এই বিপজ্জনক সিদ্ধান্ত নিলেন?"
তিনি আরও প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, "ট্রিগার টানার আগে আপনি কি এই সংঘাতের সম্ভাব্য ক্ষয়ক্ষতি (কোল্যাটেরাল ড্যামেজ) হিসাব করেছিলেন? আপনি কি ভেবে দেখেছেন যে এই উত্তেজনার ফলে প্রথম ক্ষতিগ্রস্ত হবে এই অঞ্চলের দেশগুলোই!"
আল হাবতুরের এই দীর্ঘ বিবৃতিতে মার্কিন অর্থনীতির ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, উপসাগরীয় দেশগুলোর ব্যবসায়ী মহলের মধ্যে চলমান অস্থিরতা ও উদ্বেগেরই বহিঃপ্রকাশ এটি। যুদ্ধের কারণে সৃষ্ট এই অস্থিতিশীলতা তাদের ব্যবসায়িক স্বার্থকে মারাত্মক হুমকির মুখে ফেলছে বলে তারা মনে করছেন।
প্রকৃত নেতৃত্বের সংজ্ঞা দিয়ে আল হাবতুর লেখেন, "প্রকৃত নেতৃত্ব যুদ্ধের সিদ্ধান্ত দিয়ে পরিমাপ করা হয় না; বরং প্রজ্ঞা, অন্যের প্রতি সম্মান এবং শান্তি অর্জনের চেষ্টার মাধ্যমেই তা নিরূপিত হয়।"
উল্লেখ্য, আল হাবতুর গ্রুপ মধ্যপ্রাচ্যে কয়েক ডজন হোটেল, আতিথেয়তা সেবা, গাড়ি বিক্রয় কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং বড় বড় আবাসন প্রকল্পের ব্যবসা পরিচালনা করে থাকে।
