ইরাকের শপিং মলে ভয়াবহ আগুনে নিহত অন্তত ৬০
ইরাকের একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, এতে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) আল আরাবিয়া সংবাদমাধ্যমের প্রতিবেদনে তথ্যটি প্রকাশ পায়।
প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলের গভর্নর নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সকে একটি স্বাস্থ্য কর্মকর্তা জানান, 'আমরা ৫৯ জন নিহতের পরিচয় নিশ্চিত করতে পেরেছি, তবে এক জনের দেহ এতটাই দগ্ধ ছিল যে তা শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।'
তিনি আরও জানান, 'আগুনের ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক দেহ উদ্ধার করা যায়নি।'
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পাঁচতলা ওই ভবনে রাতভর দাউদাউ করে আগুন জ্বলছিল এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন।
ওয়াসজিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি বলেন, 'একটি হাইপারমার্কেট এবং রেস্তোরাঁয় আগুন লেগেছিল। তখন অনেক পরিবারই রাতের খাবার খাচ্ছিলেন এবং শপিং করছিলেন। তবে, দমকলকর্মীরা বেশ কিছু মানুষকে উদ্ধার করেছেন এবং আগুন নিয়ন্ত্রণে এনেছেন।'
ইতোমধ্যেই ইরানে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং একটি তদন্ত শুরু হয়েছে। তদন্তের ফলাফল আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে।
মোহাম্মদ আল-মায়াহি বলেন, 'আমাদের ওপর একটি দুর্যোগ ও বিপর্যয় নেমে এসেছে।'
তিনি আরও বলেন, 'আমরা ভবনের মালিক ও শপিং মলের বিরুদ্ধে মামলা দায়ের করেছি,' আইএনএ সূত্রে জানা গেছে।
