বিশ্বের সিংহভাগ আলু এই দেশ থেকে আসে!
খাবার হিসেবে আলু বিশ্বব্যাপী বেশ প্রচলিত। সাধারণ রান্না থেকে শুরু করে ফাস্ট ফুড আইটেম, সকল পরিসরেই রয়েছে খাদ্যটির চাহিদা। কমবেশি বহুদেশেই আলুর চাষ করা হয়। তবে এই তালিকায় শীর্ষে রয়েছে চীন।
উৎপাদনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত। আর তিন নম্বরে রয়েছে বর্তমানে যুদ্ধে বিপর্যস্ত ইউক্রেন।
খাবার হিসেবে আলুর রয়েছে সুদীর্ঘকালের ইতিহাস। প্রায় ৭ হাজার থেকে ১০ হাজার বছর আগে দক্ষিণ পেরু ও উত্তর-পশ্চিম বলিভিয়ার আশেপাশের একটি অঞ্চলে এটি চাষ করা হতো। পরবর্তীতে তা উত্তর আমেরিকা মহাদেশে এবং ধীরে ধীরে সারাবিশ্বে ছড়িয়ে পড়েছিল।
আলুর উৎপাদনে চীনের শীর্ষে থাকার পেছনে অবশ্য যুক্তিসঙ্গত কারনও রয়েছে। বিশ্বের অন্যতম জনবহুল এই দেশটিতে ৪০০ বছর আগ থেকেই এটি অন্যতম প্রধান খাদ্য হিসেবে বিবেচিত।
দেশভেদে খাবার হিসেবে আলু কমবেশি প্রচলিত। সেদিক থেকে চীনে মোটামুটিভাবে সকলেই খাবারটি খেয়ে থাকে। যার ফলে চাহিদার পরিপ্রেক্ষিতে দেশটিতে ২০২১ সালে প্রায় ৯৪ মিলিয়ন মেট্রিক টন আলু উত্পাদিত হয়েছে।
অন্যদিকে বিশ্বের আরেক জনবহুল দেশ ভারতে খাবার হিসেবে আলু ব্যাপকভাবে পরিচিত। দেশটিতে ২০২১ সালে ৫৪ মিলিয়ন মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে।
তবে বৈশ্বিক উৎপাদনে তৃতীয় অবস্থানে আয়তনে অপেক্ষাকৃত ছোট ইউক্রেন কীভাবে আছে, সেটি ভেবে হয়তো অনেকেই অবাক হতে পারে। সেক্ষেত্রে স্মরণ করতে হবে, দেশটিকে কেন 'ইউরোপের রুটির ঝুড়ি' বলা হয় সেটিকে।
ইউক্রেনের মাটি বেশ উর্বর। প্রায় ১০৪ মিলিয়ন একর কৃষি জমি দেশটিতে সংরক্ষিত রয়েছে। ফলে ভূট্টা, সয়াবিন, গম ও আলু দেশটিতে বিপুল পরিমাণে উৎপাদিত হয়। এগুলো ইউরোপসহ নানা দেশে রপ্তানিও করা হয়। আর তাই যুক্তরাষ্ট্রসহ বহু দেশকে পেছনে ফেলে তিন নম্বরে জায়গা করে নিয়েছে দেশটি।
