আল-শিফা হাসপাতালে আশ্রয় নেওয়া কাউকে বের হতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী
বুধবার (১৫ নভেম্বর) থেকে আল-শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনী অভিযান শুরু করার পর থেকে অবনতির দিকেই যাচ্ছে সার্বিক পরিস্থিতি।
গতকাল অভিযান শুরু হওয়ার পর থেকে হাসপাতালে আশ্রয় নেওয়া কাউকেই আর বাইরে যেতে দেয়নি তারা। এমনকি মেডিকেল কমপ্লেক্সের ভেতরেও চলাচল করতে পারছে না কেউ।
উল্লেখ্য, ইসরায়েলি বাহিনী এ এলাকা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। ইসরায়েলি হেফাজতে হাসপাতালে উপস্থিত সবাইকে এক জায়গায় জড়ো করা হয়েছে।
ইতোমধ্যেই ভারী অস্ত্র, বুলডোজার ও ট্যাঙ্ক নিয়ে হাসপাতাল কমপ্লেক্সের ভেতরে অগ্রসর হয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল ভবনের প্রাচীর।
গতকাল থেকেই হাসপাতালের ডাক্তার ও চিকিৎসাকর্মীদের জিজ্ঞাসাবাদ করছে ইসরায়লি বাহিনী।
হাসপাতালের জরুরি বিভাগ, বিশেষায়িত সার্জারি বিভাগ এবং এমনকি প্রসূতি ওয়ার্ডেও অভিযান চালিয়েছে তারা।
মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আল-শিফা হাসপাতালে বর্তমানে প্রায় ৭০০ রোগী, ৪০০ কর্মী এবং ৩,০০০ বেসামরিক নাগরিক অবস্থান করছেন।
