গাজায় যুদ্ধবিরতির খবর নাকচ করলো ইসরায়েল ও হামাস
দক্ষিণ গাজায় যুদ্ধবিরতির খবর নাকচ করেছে ইসরায়েল ও হামাস। ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, কোনো ধরনের যুদ্ধবিরতি সম্পর্কে তিনি অবগত নন। অন্যদিকে, হামাসের এক কর্মকর্তাও সাময়িক যুদ্ধবিরতি বা রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন।
এর আগে, বার্তাসংস্থা রয়টার্স মিশরের নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে বলেছিল, মিশর-গাজা সীমান্ত খুলে দেওয়ার মাধ্যমে অল্প সময়ের জন্য যুদ্ধবিরতি অনুষ্ঠিত হবে। মিশর, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় এর অংশ হিসেবে রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়া হবে; তবে তা স্বল্প সময়ের জন্য।
গণমাধ্যমে এ খবর আসার কিছুক্ষণের মধ্যেই যুদ্ধবিরতির বিষয়টি ইসরায়েল ও হামাস, উভয়পক্ষ থেকেই প্রত্যাখান করা হয়।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট বিবিসিকে বলেন, "আমার জানা মতে, এমন কোনো যুদ্ধবিরতি হয়নি। আমি এই সংক্রান্ত প্রতিবেদনও দেখেছি। কিন্তু বিষয়টি নিশ্চিত করার মতো কিছুই নেই আমার কাছে।"
এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকেও এক বিবৃতিতে বলা হয়েছে, বিদেশিদের সরিয়ে নেওয়ার বিনিময়ে বর্তমানে গাজায় কোনো ধরনের যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা পৌঁছাবে না।
যদিও এর কিছুক্ষণ আগেই, মিশরীয় এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছিল, একটি যুদ্ধবিরতি চুক্তির ব্যবস্থা করা হচ্ছে।
