চীন-তাজিকিস্তান সীমান্তে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে ৭.২ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে চীন ও তাজিকিস্তানের সীমান্ত এলাকা। খবর রয়টার্সের।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক সিসিটিভি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চীন সীমান্ত থেকে ৮২ কিলোমিটার দূরে। এতে চীনের জিনজিয়াং প্রদেশের খাসগার এবং অর্টাক্স অঞ্চল সহ কিছু এলাকায় তীব্রভাবে কম্পন অনুভূত হয়েছে।
এখনও পর্যন্ত ভূমিকম্পে হতাহতের কোনও খবর মেলেনি।
চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, খাসগারে বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
ঝুঁকি এড়াতে জিনজিয়াং রেলওয়ে ডিপার্টমেন্ট আকসু থেকে খাসগার রুটে যাত্রীবাহী ট্রেনের চলাচল বন্ধ রাখতে বলেছে।
পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষ সেতু, টানেল এবং সিগন্যাল সরঞ্জামগুলো পরিদর্শন করছে।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার এক বিধ্বংসী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি লোক নিহতের খবর পাওয়া গেছে।
