ইউক্রেন নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ ইউক্রেন যুদ্ধে জড়িত সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনার জন্য প্রস্তুত ছিল। কিন্তু, কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা আলোচনায় বসতে অস্বীকার করছে। খবর রয়টার্সের
এই প্রেক্ষাপটে রাষ্ট্রায়ত্ত রোশিয়া-১ টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেছেন, "সংশ্লিষ্ট সবার সাথে আলোচনার জন্য আমরা প্রস্তুত, কিন্তু এটা তাদের ওপর নির্ভর করছে। আলোচনায় আমাদের আপত্তি নেই, তাদের আছে।" আজ রোববার (২৫ ডিসেম্বর) সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়েছে।
এতে পুতিন আরো বলেছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্ব রাশিয়াকে টুকরো টুকরো করতে চেয়েছে। একারণে রাশিয়া ইউক্রেনের বিষয়ে 'সঠিক পথ'-ই বেছে নেয়।
"আমি মনে করি আমরা সঠিক পথে আছি। আমাদের জাতীয় স্বার্থ, নাগরিকদের স্বার্থ রক্ষা করছি। আমাদের নিজস্ব জনগোষ্ঠীর সুরক্ষায় এর (যুদ্ধের) কোনো বিকল্প ছিল না"- যোগ করেন তিনি।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। ১৯৬২ সালের কিউবার মিসাইল সংকটের পর এটাই রাশিয়ার সাথে পশ্চিমাদের সবচেয়ে বড় বিরোধ।
আপাতদৃষ্টিতে, শান্তি আলোচনা বা যুদ্ধ সমাপ্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
ক্রেমলিন জানিয়েছে, লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত রাশিয়া যুদ্ধ করবে। অন্যদিকে, কিয়েভ বলছে– তাদের ভূখণ্ড থেকে সব রাশিয়ান সেনাকে তাড়ানোর পরই যুদ্ধ বন্ধ করবে ইউক্রেন। কিয়েভের আরো লক্ষ্য, ২০১৪ সালে রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপকেও দখলমুক্ত করা।
