নভেম্বরের শুরুতেই টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনায় মাস্ক
টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের চিন্তা করছেন সংস্থাটির নতুন মালিক ইলন মাস্ক। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি নভেম্বরের শুরু থেকেই ৩৭০০ কর্মীর ছাঁটাইয়ের কাজ শুরু হতে পারে।
টুইটার অধিগ্রহণের পর সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে কর্মী ছাঁটাইয়ের সংবাদ ছাপা হয়েছিল। দ্য নিউ ইয়র্ক টাইমসও এক প্রতিবেদনে জানিয়েছিল, নভেম্বরের প্রথম থেকেই কর্মী ছাঁটাইয়ের পথে যেতে পারেন মাস্ক। তখন অবশ্য ওই খবর অস্বীকার করেছিলেন নতুন মালিক।
তবে নতুন প্রতিবেদন অনুযায়ী, শুক্রবারেই (৪ নভেম্বর) ছাঁটাইয়ের কথা কর্মীদের জানাতে পারেন মাস্ক।
রয়টার্সের খবর, প্রথম ধাপে সংস্থার মোট কর্মীর এক-তৃতীয়াংশ ছাঁটাই করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপর ধীরে ধীরে কর্মীসংখ্যা অর্ধেকে নামিয়ে আনা হবে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, টুইটারের কর্মপদ্ধতিতেও পরিবর্তন আনতে চলেছেন মাস্ক। আগে সংস্থাটির কর্মীরা 'এনিহ্যোয়ার পলিসি' বা যেখান থেকে খুশি কাজ করতে পারতেন। কিন্তু এই নিয়মে পরিবর্তন আসতে চলছে। এরপর থেকে অফিসে এসেই সবাইকে কাজ করতে হবে বলে পরিকল্পনা করেছেন মাস্ক।
যদিও কিছুক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে বলে জানা গেছে সংবাদমাধ্যমের প্রতিবেদনে। এরপর থেকে কর্মীদের সপ্তাহে প্রতি দিন অফিসে এসে কাজ করার পাশাপাশি, দৈনিক ১২ ঘণ্টা কাজ করতে হবে। তবে এরজন্য কর্মীদের কোনো অতিরিক্ত অর্থ প্রদানের আশ্বাস দেননি টুইটারের নতুন মালিক।
