ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে বিরোধ; টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৩০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সুদের পাওনা টাকা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. হাদিম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
রোববার (২৮ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজারে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে স্থানীয় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের বাসিন্দা খাদেম মোল্লার কাছে সুদের এক লক্ষ টাকা পাবেন বলে দাবি করেন। তবে খাদেম মোল্লা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তীতে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে কালিকচ্ছ বাজারে সংঘর্ষে লিপ্ত হয়৷ এতে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি। পুলিশ সংঘর্ষ থামাতে চেষ্টা চালাচ্ছে।
