সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সকাল থেকে ভারী বৃষ্টির মধ্যেই সিলেটে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২ মে) সকাল ১০টার দিকে তাকে বহনকারী ফ্লাইট সিলেটে অবতরণ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এরপর সকাল সাড়ে ১০টায় সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী। সকাল ১১টায় তিনি নগরের সুরমা নদীর পাড়ের চাঁদনিঘাটে যান। সেখানে নগরের জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নগর ভবনে সুধী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
আজ দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর বেলা তিনটায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে 'নতুন কুঁড়ি স্পোর্টস' কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় এক সভায় যোগ দিয়ে তিনি ঢাকায় ফিরবেন।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও মাঠে কাজ করছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট, নজরদারি ও প্রটোকল অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সিলেট সফর।
সফরকে ঘিরে সিলেট নগরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনাগুলো নতুন করে সাজানো হয়েছে। রাস্তা মেরামত, সড়কের ডিভাইডারে সৌন্দর্যবর্ধনকারী বৃক্ষরোপণ, নতুন করে রং করাসহ নগরকে ঝকঝকে রূপ দেওয়া হয়েছে। নগর থেকে অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুনও অপসারণ করেছে সিলেট সিটি করপোরেশন।
