রাষ্ট্রপতি ও আইজিপির নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, ডিবির হাতে গ্রেপ্তার যুবক
রাষ্ট্রপতি, আইজিপিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগে মো. রিপন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর শাহবাগ থানাধীন বিএসএমএমইউ (পিজি) হাসপাতালের ক্যান্সার ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার রাত সোয়া ৮টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের (দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তরিকুল ইসলাম। গ্রেপ্তারের সময় রিপনের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ব্রিফিংয়ে ডিসি তরিকুল ইসলাম বলেন, "সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি তৈরি করে সাধারণ জনগণের সাথে প্রতারণা করে আসছিল। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম টিম বিষয়টি নিয়মিত মনিটরিং করে তথ্য-প্রযুক্তির সহায়তায় রিপনকে গ্রেপ্তার করে।"
গ্রেপ্তারকৃত রিপনের প্রতারণার কৌশল সম্পর্কে ডিবির এই কর্মকর্তা জানান, জব্দ করা স্মার্টফোনে 'ডাক্তার আয়েশা খাতুন' নামে একটি ভুয়া ফেসবুক আইডি লগ-ইন অবস্থায় পাওয়া গেছে। এই আইডির মাধ্যমে সে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট দিত। এছাড়া আইডিটি ব্যবহার করে সে নিয়মিত বিভিন্ন লোকজনের সাথে ব্যক্তিগত যোগাযোগ তৈরি করত এবং তাদের কাছ থেকে টাকা-পয়সা দাবি করত।
ডিসি তরিকুল ইসলাম আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত রিপনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে শাহবাগ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া এই চক্রের সাথে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।
