তারেকের অনুরোধে কুমিল্লা-৬ আসনে প্রার্থিতা ছেড়ে দেওয়া আমিনুর পাচ্ছেন মন্ত্রিত্ব
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন নতুন সরকারে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার ডাক পেয়েছেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন করা হয়েছে।
তিনি টেকনোক্র্যাট কোটায় কৃষি, মৎস্য ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। ইয়াছিনের ঘনিষ্ঠ সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। তিনি মঙ্গলবার দুপুরের দিকে বিএনপির এই নেতাকে সংসদ সচিবালয় থেকে মন্ত্রী হিসেবে শপথ নিতে প্রস্তুত থাকার জন্য ফোন করা হয়েছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন চাইলেও তা পাননি। মনোনয়ন বঞ্চিত হওয়ার পর তার সমর্থকরা এক মাসেরও বেশি সময় ধরে টানা সড়ক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরবর্তীতে দলের চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। দলীয় প্রার্থী মনিরুল হক চৌধুরীকে বিজয়ী করতে তার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে আমিনূর রশীদ ইয়াছিন কুমিল্লা-৯ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি কুমিল্লা কোতোয়ালি থানা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালে কেন্দ্রীয় বিএনপির সদস্য মনোনীত হন। ২০০৯ সালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ কৃষি-বিষয়ক সম্পাদক হন। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মনোনীত হন।
২০২২ সালের ৩০ মে ইয়াছিনকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ঘোষণা করা হয়। সর্বশেষ ২০২৫ সালের ১২ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত হন তিনি।
