নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ১১ দলীয় জোটের নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ তায়ালা তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তিনি এও বলেছেন, আমি যেন নির্বাচনের দিন ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি সেই দোয়া চাই।
আজ রোববার রাজধানীর আরামবাগে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পরে মির্জা আব্বাস ফকিরাপুল এলাকায় গণসংযোগ করেন। বিকেলে তিনি কমলাপুর কালভার্ট রোড থেকে বাবে রহমত উটখামার পর্যন্ত নির্বাচনি প্রচার কার্যক্রম চালান। সন্ধ্যায় সিদ্ধেশ্বরী কলেজের আশপাশে গণসংযোগ করেন। রাতে তিনি বঙ্গভবন স্টাফ কোয়ার্টারে গণসংযোগ করবেন।
মির্জা আব্বাস বলেন, আমি যেন অশান্তিতে থাকি এমন একটি পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমন কিছু অশালীন কথা বলছে যাতে এখানে মারামারি হয়। আমি তো ওই দিকে যাবো না। তারা নির্বাচনে সিনক্রিয়েট করার অনেক চেষ্টা করছেন।
মির্জা আব্বাসের অভিযোগ, নির্বাচন বানচালের জন্য কয়েকটি দল পরিকল্পিতভাবে কাজ করছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফল পরিবর্তনের চেষ্টা করা হতে পারে।
যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই, তারা কীভাবে ১২ তারিখের পর ক্ষমতায় এসে দেখে নেওয়ার হুমকি দেয়; তা নিয়েই প্রশ্ন তোলেন মির্জা আব্বাস। তিনি বলেন, এই সাহস তারা পেয়েছে কারণ, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় তাদের লোক বসানো আছে। যারা প্রয়োজন হলে তাদের ইচ্ছামতো নির্বাচনের ফল ম্যানিপুলেট করার কাজ করবে।
