বিআইবিএমের মহাপরিচালক পদে নিয়োগ পেলেন এজাজুল ইসলাম
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. এজাজুল ইসলাম।
বিআইবিএমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১ ডিসেম্বর তিনি মহাপরিচালক পদে যোগদান করেছেন। রোববার (১১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
বাংলাদেশ ব্যাংকে দীর্ঘ কর্মজীবনে তিনি মুদ্রানীতি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বৈদেশিক মুদ্রা নিলাম কমিটি এবং মানি মার্কেট অপারেশন কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে তিনি 'বাংলাদেশ ব্যাংক গোল্ড মেডেল' (এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড) লাভ করেন।
উল্লেখ্য, স্বাভাবিক অবসরে যাওয়ার প্রায় দেড় বছর আগে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদ থেকে অব্যাহতি নিয়ে তিনি বিআইবিএমে যোগ দিলেন।
