খুলনায় পুলিশের ব্যারিকেড ভেঙে ভারতীয় সহকারী হাই কমিশনের সামনে বিক্ষোভ
খুলনায় পুলিশের ব্যারিকেড ভেঙে ভারতীয় সহকারী হাই কমিশন অফিসের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে নগরীর শামসুর রহমান রোড এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা কর্মসূচীর শুরুতে নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে রয়্যাল মোড়ে জড়ো হন। পরে সেখান থেকে মিছিলটি শামসুর রহমান রোডে ভারতীয় সহকারী হাই কমিশন অফিসের কাছাকাছি পৌঁছালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ব্যারিকেড স্থাপন করে। এতে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান এবং ভারতীয় সহকারী হাই কমিশন অফিসের সামনে অবস্থান নেন।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কথিত হস্তক্ষেপের তীব্র প্রতিবাদ জানান এবং বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা হাতে জাতীয় পতাকা এবং প্রতিবাদী ব্যানার ও প্ল্যাকার্ড বহন করছিলেন। বিক্ষোভকারীদের দাবি, ভারতের নীতিগত অবস্থান ও বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করছে।
ঘটনাস্থলে আগে থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফা বিক্ষোভকারীদের সরে যাওয়ার আহ্বান জানায়। তবে এ ঘটনায় কোনো বড় ধরনের সংঘর্ষ বা হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
সার্বিক পরিস্থিতি নিয়ে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, 'নিরাপত্তার জন্য আমরা কয়েক ধাপে ব্যারিকেড স্থাপন করেছিলাম। প্রথম ব্যারিকেড ভেঙে তারা কার্যালয়ের সামনে অবস্থান করে কিছু স্লোগান ও বক্তব্য দিয়েছেন। তবে নিরাপত্তার দ্বিতীয় ব্যারিকেড তারা অতিক্রম করতে পারেননি। সেখানে কোনো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়নি। তারা কিছুক্ষণ অবস্থান করেই চলে গেছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।'
এদিকে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য ওই এলাকা ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয় বলে জানা যায়।
