প্রয়াত ‘সিসেম স্ট্রিটে’র বব ম্যাকগ্রা
বিখ্যাত শিশুতোষ সিরিজ 'সিসেম স্ট্রিটে'র জনপ্রিয় অভিনেতা বব ম্যাকগ্রা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। খবর বিবিসির।
প্রতিষ্ঠার সময় থেকে ৫০ বছরের অধিক সময়জুড়ে 'সিসেম স্ট্রিটে'র সঙ্গে যুক্ত ছিলেন ম্যাকগ্রা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে বব ম্যাকগ্রার পরিবার জানিয়েছে, সবার উপস্থিতিতে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
ওয়াশিংটন পোস্টকে বব ম্যাকগ্রার মেয়ে ক্যাথলিন ম্যাকগ্রা জানান, স্ট্রোক পরবর্তী জটিলতায় মৃত্যুবরণ করেছেন বব।
শুরুতে একেবারেই 'সিসেম স্ট্রিট' নিয়ে উৎসাহ ছিলো না ববের মধ্যে; অডিশন দিতেও ছিলেন অনিচ্ছুক।
১৯৬৯ সালে শোটির বন্ধুবৎসল গানের শিক্ষক বব জনসনের চরিত্রে আবির্ভূত হন ম্যাকগ্রা।
সিরিজটির প্রযোজনা সংস্থা সিসেম ওয়ার্কশপ বিবৃতিতে বলেছে, 'তিনি যেভাবে সিসেম স্ট্রিটের সুর নিজের মধ্যে ধারণ করেছিলেন তেমনটি আর কেউ পারেনি।"
সেখানে আরও বলা হয়, "প্রজন্মের পর প্রজন্ম বিশ্বজুড়ে শিশুদের জন্য আনন্দ এবং বিস্ময় বয়ে এনেছে তার পারফরম্যান্স।"
অভিনেতা, গায়ক এবং শিশুতোষ এই লেখক সিসেম স্ট্রিটের সবচেয়ে দীর্ঘ সময়ব্যাপী কাজ করা মানব চরিত্রগুলোর একজন; তার সাথেই নাম আসবে লরেটা লং-য়ের, যিনি সুসান রবিনসনের চরিত্রে অভিনয় করেছিলেন।
'হ্যাভিং আ বল' নামে বব ম্যাকগ্রা অভিনীত সর্বশেষ পর্বটি সম্প্রচারিত হয় ২০১৭ সালে। অন্যদিকে লরেটা লংয়ের শেষ পর্ব অন-এয়ার করা হয় ২০১৬ সালে।
সঙ্গী পাপেট বন্ধুদের সাথে নিয়ে ম্যাকগ্রা আর পুরো 'সিসেম স্ট্রিট' পরিবার গানে গানে শিশুদের সংখ্যা গণনা থেকে শুরু করে সহানুভূতির বহিঃপ্রকাশ- সবকিছুই শিখিয়েছেন।
