মারা গেছেন সাবেক ভারতীয় কিংবদন্তি স্পিনার বিষেন সিং বেদি
মারা গেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার বিষেন সিং বেদি। ৭৭ বছর বয়সে দিল্লিতে মৃত্যুবরণ করেছেন এই কিংবদন্তি স্পিনার।
বিগত দুই বছর ধরেই অসুস্থ ছিলেন বিষেন সিং। বেশ কয়েকটি অপারেশনের মধ্যে দিয়েও যেতে হয়েছিল তাকে।
১৯৬৭ থেকে ১৯৭৯ সালের মধ্যে ভারতের হয়ে ৬৭টি টেস্ট খেলেছেন বিষেন সিং। ২৮.৭১ গড়ে ২৬৬টি উইকেট শিকার করেছেন এই স্পিনার। তাকে সর্বকালের সেরা বাঁহাতি স্পিনারদের একজন হিসেবে বিবেচনা করা হয়।
প্রথম শ্রেণির ইংলিশ কাউন্টি ক্রিকেটে নর্দাম্পটনশায়ারের হয়ে ২০.৮৯ গড়ে ৪৩৪টি উইকেট শিকার করেছেন বিষেন সিং বেদি। তিনিসহ আরো তিন ভারতীয় স্পিনার- ভাগাওয়াত চন্দ্রশেখর, এরাপল্লি প্রসন্না ও ভেঙ্কটরাঘবন মিলে তৈরি করেছিলেন দুর্দান্ত এক স্পিন চতুর্ভুজ।
