'সব দায়িত্ব আমার না'- ভারতের বিপক্ষে ম্যাচের আগে বললেন সাকিব
এশিয়া কাপে সুপার ফোরের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে আগামীকালের ম্যাচটি তাই কেবলই নিয়মরক্ষার।
তবে নিয়মরক্ষার ম্যাচ হলেও বাংলাদেশ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই পারে। সেই চেষ্টাটা সবাইকেই করতে হবে বলে মত অধিনায়ক সাকিব আল হাসানের।
ঘরের মাঠে সর্বশেষে ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ । এশিয়া কাপেও হতাশাজনক পারফরম্যান্স। বিশ্বকাপের আগে অধিনায়ক সাকিবের জন্যও দুশ্চিন্তার কারণ এটি।
সাকিব অবশ্য মনে করছেন, ভালো করতে হলে সবাইকেই অবদান রাখতে হবে। শুধু তার নিজের পারফরম্যান্স দিয়ে কিছু সম্ভব নয়।
আজ কলম্বোয় গণমাধ্যমকে সাকিব বলেন, 'একটা জিনিস হচ্ছে সব দায়িত্বই এখানে আমার না। সবার সব দায়িত্ব আছে। আমি নিশ্চিত, সবাই যার যার জায়গা থেকে কাজ করবে। আলাদা আলাদাভাবে যদি সবাই যার যার জায়গা থেকে কাজগুলো করতে পারে, তাহলে আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকবে।'
সাকিব আরো যোগ করেন, সবাই নিজের জায়গা থেকে ভালো করলেই দল ভালো করবে, 'যার যার আলাদা কাজগুলো একসঙ্গে যোগ করলে, তখন হয়তো আমরা ভালো করব। সবাই চেষ্টা করবে আমি জানি, তার জায়গা থেকে একটুও কম কাজ করবে না, যাতে যে বিশ্বকাপ ভালো করতে না পারে। আমি আশাবাদী আমাদের দল ভালো করবে।'
