টুইটারকে নিস্তার দিন, শ্রীলঙ্কাকে কিনে নিন: মাস্ককে টুইটার ব্যবহারকারীরা
টুইটারের ৯.২ শতাংশ মালিকানা কেনার পর ধনকুবের ইলন মাস্ক এবার ৪৩ বিলিয়ন ডলারে গোটা প্রতিষ্ঠানটির মালিকানাই কিনে নিতে চাইছেন।
তবে টুইটার ব্যবহারকারীরা টেসলার সিইওকে পরামর্শ দিচ্ছেন, তিনি যেন মাইক্রোব্লগিং সাইটটিকে কেনার চিন্তা বাদ দিয়ে শ্রীলঙ্কাকে কিনে নেন। তাতে করে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কা বিপদ থেকে উদ্ধার পাবে।
প্ল্যাটফর্মটির অনেক ব্যবহারকারী টুইট করে ঋণের দায়ে জর্জরিত দেশটিকে উদ্ধার করার পরামর্শ দিয়েছেন মাস্ককে।
এক ব্যবহারকারী লিখেছেন: 'ইলন মাস্ক, কিছু কিনতে চাইলে শ্রীলঙ্কাকে কিনে নিন। টুইটারকে নিস্তার দিন।'
আরেক ব্যবহারকারী লিখেছেন: '@ইলনমাস্ক, ৪৩ বিলিয়ন ডলার দিয়ে শ্রীলঙ্কাকে কিনে নেবেন কি? আপনার টেসলার জন্য আমাদের কাছে পৃথিবীর সেরা গ্রাফাইট আছে।'
সম্প্রতি ইলন মাস্ক শেয়ারপ্রতি ৫৪.২০ ডলার মূল্যে গোটা টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দেন। এতে করে নগদ অর্থে টুইটারের মোট মূল্য দাঁড়াবে প্রায় ৪৩ বিলিয়ন ডলার।
মাস্ক অবশ্য এ-ও স্বীকার করেছেন যে, আসলেই টুইটার কিনতে পারবেন কি না, এ ব্যাপারে তিনি নিশ্চিত নন। তিনি আরও জানান, টুইটার কেনার প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে তার একটি প্ল্যান 'বি' রয়েছে।
- সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড
