ভারতের রাষ্ট্রপতি ভবনেও করোনাভাইরাস
এবার ভারতের রাষ্ট্রপতি ভবনেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। রাষ্ট্রপতি ভবনের এক পরিচ্ছন্নকর্মীর পরিবারের সদস্যের ধরা পড়ল করোনাভাইরাস। আর তার জেরে রাষ্ট্রপতি ভবনের কমপ্লেক্সে থাকা ১২৫টি পরিবারকে পাঠানো হয়েছে আইসোলেশনে।
ওই কর্মীর পরিবারের সকলে সম্প্রতি করোনাভাইরাসে মৃত এক আত্মীয়ার অন্ত্যেষ্টি ক্রিয়ায় যোগ দিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। খোদ রাষ্ট্রপতি ভবনের কমপ্লেক্সের বাসিন্দাদের এমন উদাসীন আচরণ ঘিরে উঠছে প্রশ্ন।
ভারতীয় গণমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে এমন তথ্য জানা যায়।
প্রতিবেদনে জানা যায়, ওই পরিচ্ছন্ন কর্মীর পুত্রবধূর মা সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তার অন্ত্যেষ্টি ক্রিয়ায় যোগ দিতে তার পরিবারের প্রত্যেকে সেই গ্রামের বাড়িতে গিয়েছিলেন। এরপর গত সপ্তাহে ওই পরিচ্ছন্নকর্মীর পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষা করা হয়।
সোমবার সেই নমুনা পরীক্ষার ফলাফল আসে। তাতে ওই ব্যক্তির পুত্রবধূর দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এরপর পরিবারের আর কোনও সদস্যের দেহে করোনাভাইরাস শনাক্ত না হলেও তাদের প্রত্যেককেই আইসোলেশন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। শুরু হয় পুরো রাষ্টপতি ভবন কমপ্লেক্সের স্যানিটাইজেশনের কাজও।
ওই কমপ্লেক্সে মোট ১২৫টি কোয়ার্টার আছে। সেই কোয়ার্টারগুলোর প্রতিটি পরিবারকে সেল্ফ আইসোলেশন এ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত ওই পরিবারের কোয়ার্টারের সংলগ্ন ২৫টি পরিবারের বাসিন্দাদের কড়া নজরদারিতে আইসোলেশনে রাখা হয়েছে। বাকি পরিবারগুলিকে অত্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া কমপ্লেক্সের বাইরে বের হতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
করোনাভাইরাসে মৃত্যু হলে যেখানে শেষকৃত্যেও পরিবারকে থাকতে দেওয়ার নিয়ম নেই, সেখানে কীভাবে গ্রামের বাড়িতে আত্মীয়দের নিয়ে অন্ত্যেষ্টি ক্রিয়ার আয়োজন করা হল তাই নিয়ে উঠছে প্রশ্ন। সেই অন্ত্যেষ্টি ক্রিয়ায় আর কারা যোগদান করেছিলেন তার খোঁজ চালাচ্ছে প্রশাসন।
কোভিড-১৯ এ ভারতে এপর্যন্ত ১৮ হাজার ৬৫৮ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৫৯২ জন।
