করোনাভাইরাসের নতুন ধরন: সংক্রমিত দেশগুলোর সঙ্গে সীমিত পরিসরে হলেও ফ্লাইট বন্ধের পরামর্শ বিশেষজ্ঞদের
যুক্তরাজ্য ও সাউথ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন স্ট্রেইন পাওয়া গেছে। নতুন এ স্ট্রেইন আগের চেয়ে আরও বেশি সংক্রামক। ভাইরাসের এই স্ট্রেইন ছড়িয়ে যাওয়া ঠেকাতে এরইমধ্যে বিভিন্ন দেশ ফ্লাইট বন্ধ করে দিচ্ছে।
যেসব দেশে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন পাওয়া গেছে সেসব দেশের সাথে শর্ট টার্মের জন্য হলেও বাংলাদেশের ফ্লাইট বন্ধ করার পরামর্শ বিশেষজ্ঞদের।
বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট ও শিক্ষাবিদ অধ্যাপক লিয়াকত আলী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, লন্ডনে করোনাভাইরাসের যে নতুন স্ট্রেইন পাওয়া গেছে সেটি ডেডলি না হলেও অনেক বেশি সংক্রামক। এটিও বিপদজনক; কারণ এতে প্যান্ডেমিক আরও দীর্ঘ হবে। এছাড়া সাউথ আফ্রিকায় যে স্টেইনটি পাওয়া গেছে সেটি সালাইটলি ডেডলি। তাই যেসব দেশে নতুন করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিচ্ছে, সেসব দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দেওয়াই এখন আমাদের জন্য সবচেয়ে ভালো।
সরকার প্রতিষ্ঠিত পাবলিক হেলথ অ্যাডভাইজারস গ্রুপের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন অধ্যাপক লিয়াকত আলী। তিনি আরও বলেন, বাংলাদেশ যদি এখন ফ্লাইট বন্ধ করতে না পারে, তাহলে যেসব দেশে সংক্রমণ ছড়িয়েছে সেসব দেশের ফ্লাইটগুলো ভালোভাবে অবজার্ভ করতে হবে। ওইসব দেশ থেকে কেউ করোনাভাইরাসের নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এলেও তাদের অন্তত তিনদিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে এবং তিনদিন পর টেস্ট করে ছেড়ে দিতে হবে। নেগেটিভ রিপোর্ট দেখেই এয়ারপোর্ট থেকে ছেড়ে দেওয়া যাবে না।
এখন বর্ডারগুলোতে বিদেশফেরতদের স্ক্রিনিংয়ে আরও সতর্ক হতে হবে এবং কোয়ারেন্টাইন ও আইসোলেশনে বেশি জোর দেওয়ার তাগিদ অধ্যাপক লিয়াকত আলীর।
তবে করোনাভাইরাসের নতুন এই স্ট্রেইনেও ভ্যাকসিন কাজ করবে বলে মনে করছেন তিনি।
বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাস মিউটেশনের পরে কখনো দুর্বল আবার কখনো আরও শক্তিশালী হয়ে ওঠে। তাই নতুন এই স্ট্রেইন আরও পর্যবেক্ষণে রেখে, আরও সতর্ক হতে হবে।
