পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র: ইরান
নিখোঁজ পাইলট উদ্ধারে মার্কিন বাহিনীর চালানো বিশেষ অভিযানটি আসলে ইরান থেকে 'সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির' একটি ছক হতে পারে বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই সোমবার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের এই তথাকথিত উদ্ধার অভিযান নিয়ে 'অনেক প্রশ্ন এবং অনিশ্চয়তা' রয়েছে।
অভিযানের ভৌগোলিক অসঙ্গতি তুলে ধরে বাগাই বলেন, 'কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশে মার্কিন পাইলট থাকার যে দাবি করা হয়েছে, তা মধ্যাঞ্চলীয় ইরানের সেই এলাকা থেকে অনেক দূরে যেখানে তারা তাদের বাহিনী নামানোর চেষ্টা করেছিল বা নামাতে চেয়েছিল।'
তিনি আরও সতর্ক করে বলেন, 'সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির উদ্দেশ্যে এটি একটি প্রতারণামূলক বা বিভ্রান্তিকর অভিযান হওয়ার সম্ভাবনাকে কোনোভাবেই উপেক্ষা করা উচিত নয়।'
উল্লেখ্য, গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, গত শুক্রবার ইরানে বিধ্বস্ত হওয়া একটি এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে একটি 'সাহসী' তল্লাশি ও উদ্ধার অভিযানের মাধ্যমে ফিরিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সেই দাবির প্রেক্ষিতেই এখন এই গুরুতর অভিযোগ তুলল তেহরান।
