ট্রাম্প ঘোষিত ১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক কার্যকর হচ্ছে চলতি সপ্তাহে: মার্কিন ট্রেজারি সেক্রেটারি
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক চলতি সপ্তাহেই কার্যকর হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। বর্তমানে এই শুল্কের হার ১০ শতাংশ থাকলেও তা শীঘ্রই বাড়তে যাচ্ছে বলে বুধবার (৪ মার্চ) তিনি নিশ্চিত করেছেন।
সিএনবিসি-র 'স্কোয়াক বক্স'-এ দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট ধারণা করেন যে, আগামী আগস্টের মধ্যে অর্থাৎ পাঁচ মাসের মধ্যেই মার্কিন শুল্কের হার আগের উচ্চ পর্যায়ে ফিরে যাবে। গত বছর ট্রাম্প বিশ্বের অধিকাংশ দেশের ওপর যে কঠোর শুল্ক আরোপ করেছিলেন, সম্প্রতি দেশটির সুপ্রিম কোর্ট তা বাতিল করে দেন।
সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পাঁচ মাসের মধ্যে শুল্কের হার আবারও আগের অবস্থায় ফিরে আসবে।"
উল্লেখ্য, গত বছর প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই 'ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট' (আইইইপিএ) ব্যবহার করে আমদানিকৃত পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করেছিলেন। তবে গত ২০ ফেব্রুয়ারি এক রায়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জানান যে, কংগ্রেসকে এড়িয়ে এই আইন ব্যবহার করে শুল্ক আরোপের আইনি কর্তৃত্ব প্রেসিডেন্টের নেই।
আদালতের এই রায়ের কয়েক ঘণ্টা পরই ট্রাম্প ভিন্ন একটি আইনের অধীনে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপের নতুন এক নির্বাহী আদেশে সই করেন। এর একদিন পর তিনি এই হার বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়ে বলেছিলেন এটি 'অবিলম্বে কার্যকর' হবে। তবে বাস্তবে শুল্ক হার এখনো ১০ শতাংশেই বহাল রয়েছে।
এই অসঙ্গতি সম্পর্কে জানতে চাইলে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, "এটি (১৫ শতাংশ হার) সম্ভবত চলতি সপ্তাহের কোনো এক সময়ে কার্যকর হবে।"
তিনি আরও জানান, নতুন এই শুল্কগুলো 'ট্রেড অ্যাক্ট অব ১৯৭৪'-এর ১২২ নম্বর ধারার অধীনে আরোপ করা হচ্ছে। এই আইনের অধীনে আরোপিত শুল্ক কংগ্রেসের অনুমোদন ছাড়া সর্বোচ্চ ১৫০ দিন পর্যন্ত কার্যকর থাকতে পারে। বেসেন্ট জানান, এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় ও বাণিজ্য বিভাগ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সমীক্ষা সম্পন্ন করবে, যা পরবর্তীকালে আরও শুল্ক আরোপের সুযোগ করে দেবে।
বেসেন্ট বলেন, "এই আইনি প্রক্রিয়াগুলো (সেকশন ১২২) এখন পর্যন্ত ৪ হাজারেরও বেশি আইনি চ্যালেঞ্জ মোকাবিলা করে টিকে আছে। এগুলো কার্যকর হতে কিছুটা সময় নিলেও অনেক বেশি শক্তিশালী ও টেকসই।"
